
হানিফ মাতুব্বর,নিজস্ব প্রতিবেদক:-
চট্টগ্রামের কর্ণফুলী টানেল থেকে প্রতি মাসে আদায়কৃত টোলের পরিমাণ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ব্যয়ের প্রায় দ্বিগুণ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, টানেল থেকে মাসিক গড়ে ৩ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৯০০ টাকা টোল আদায় হলেও ব্যয় হয় ৬ কোটি ৯৫ লাখ ১৮ হাজার ৬৯১ টাকা। টানেলের অভ্যন্তরে বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা, বায়ু চলাচল ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা, সিসিটিভি ও ট্রাফিক নিয়ন্ত্রণের মতো সেবার কারণে ব্যয় তুলনামূলক বেশি।
তিনি আরও জানান, টানেল চালুর পর প্রথমদিকে দৈনিক ব্যয় ৩৭ লাখ টাকা ছিল, তবে সরকারের কৃচ্ছ্রসাধন নীতি ও সেতু কর্তৃপক্ষের উদ্যোগে বর্তমানে তা ২২ থেকে ২৩ লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব হয়েছে। টানেলকে লাভজনক করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
রাজধানীর যানজট নিরসনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার করিডরে দেশের প্রথম বিআরটি (বাস র্যাপিড ট্রানজিট) দ্রুত চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী।
এছাড়া, মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে প্রতিটি গণপরিবহনে জিপিএস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণে সরকার নিবন্ধন বাতিল ও নবায়ন কার্যক্রম চালাচ্ছে। দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।